প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৩:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৬:৩৭ পি.এম
সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার সাভার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পৃথক টিম গঠন করে ২৫ এপ্রিল ২০২৬ তারিখে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ রিপন মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সাভার মডেল থানাধীন দক্ষিণ শ্যামপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ আঃ জলিল (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.