প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৬:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৪:৩৭ পি.এম
সাভারের নামাবাজারে মতবিনিময় সভা, “ভালোবাসা দিয়ে ভোট চাই : মোঃ খোরশেদ আলম

সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নামাবাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, “৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আমিই প্রথম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলাম—সরকার পরিবর্তন মানে এই নয় যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে।” তিনি বিশেষভাবে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বলেন, তাদের বাড়িঘর বা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ধরনের হামলা বা লুটপাট বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি আরও বলেন, আমি জোর করে নয়, আপনাদের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে ভোট পেতে চাই। আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ পেতে আমি সবার দোয়া কামনা করছি।
সভাটি অনুষ্ঠিত হয় সোলাইমান ফকির সুমন-এর সভাপতিত্বে এবং সঞ্চালনা করেন মোঃ সাইফুল ফকির। এতে ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.