প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৪:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৮:৩৮ পি.এম
সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে বিপুল ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর ধারাবাহিক বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ পুরিয়া হেরোইনসহ ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পৃথক তিনটি অভিযানে এই সাফল্য অর্জন করে ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল ২০২৬ তারিখে দিনব্যাপী ও রাতের বিভিন্ন সময়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে সাভার থানাধীন বক্তারপুর বেদেপল্লী এলাকা থেকে মোঃ শাহীন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
দ্বিতীয় অভিযানে রাতের দিকে সাভার মডেল থানাধীন আক্রান এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলীম মোল্লা (৩৮) ও মোঃ আকাশ (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ২১ হাজার টাকা।
অপরদিকে, তৃতীয় অভিযানে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে আরও চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ জসিম তালুকদার (৩৮), মোঃ রেজাউল করিম (২৪), আকবর হোসেন (৩২) এবং নাজমুল হক (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৭০০ পুরিয়া হেরোইন (ওজন প্রায় ৭০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রেজাউল করিমের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.