প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৪:৫৯ পি.এম
সাভারে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ সাব-রেজিস্ট্রারের, রাজস্ব বৃদ্ধির তথ্য দিলেন জাকির হোসেন

সাভারে দায়িত্ব পালনকালে নিয়ম বহির্ভূত কোনো কাজ না করায় তার বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন।
বৃহস্পতিবার বিকেলে সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
জাকির হোসেন বলেন, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি নিয়মবহির্ভূত সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এতে তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং দাপ্তরিক কাজে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ধারাবাহিক হয়রানির কারণে দায়িত্ব যথাযথভাবে পালন করাও কঠিন হয়ে পড়ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
রাজস্ব আদায়ের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালে সাভারে মোট ২৪ হাজার ১১৬টি দলিল সম্পাদিত হয়েছে, যেখান থেকে প্রায় ২৬৬ কোটি ৬৯ লাখ টাকার রাজস্ব আদায় হয়। পরের বছর ২০২৫ সালে দলিলের সংখ্যা দাঁড়ায় ২৪ হাজার ৫৫টি এবং রাজস্ব আদায় হয় প্রায় ২৮৯ কোটি ২১ লাখ টাকা।
চলতি বছরের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, ২০২৫ সালের প্রথম তিন মাসে ৬ হাজার ১৪৪টি দলিলের মাধ্যমে প্রায় ৬৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। অন্যদিকে ২০২৬ সালের একই সময়ে দলিলের সংখ্যা কিছুটা কমে ৫ হাজার ৪৩৪ হলেও রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০ কোটি ৩৬ লাখ টাকায়।
এই পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, দলিলের সংখ্যা কমলেও ২০২৬ সালের প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় প্রায় ১৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.