প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৬:১৪ পি.এম
ধামরাইয়ে জোরপূর্বক জমি দখল করে রাস্তা নির্মানের অভিযোগ, নিরাপত্তাহীনতায় সংখ্যালঘু পরিবার

ধামরাইয়ে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে জোরপূর্বক ব্যক্তিগত রাস্তা নির্মাণ এবং বাধা দেওয়ায় এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। গত ১১ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১:৩০ ঘটিকার সময় ধামরাই থানাধীন গাঙ্গুটিয়া ইউনিয়নের কৃষ্ণপুরা মৌজায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী অনন্ত দাস (৩২) ধামরাই থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষ্ণপুরা মৌজার আরএস ৫২১, ৫১৪ ও ৫১৬ দাগের মোট ৪১৭ শতাংশ জমির মধ্যে অনন্ত দাস পৈত্রিক সূত্রে ২১৪ শতাংশ জমির মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু গত ১১ এপ্রিল গভীর রাতে কৃষ্ণপুরা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৬৫), আঃ আজিজ (৬০), সাইদ (৫৮), শাহাজাহান মিয়া (৫৫), আইয়ুব আলী (৫৩), নুর নবী (৫০), দেলোয়ার (৪৮) এবং জসিম ও শরীফসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে।
বিবাদীরা জোরপূর্বক অনন্ত দাসের জমির ওপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের চেষ্টা চালায়। এসময় পাশের জমির মালিক সিরাজুল ইসলাম, আজিজুল হক ও আবুল কাশেমের ৫২২ দাগের ৫৬ শতাংশ জমির ওপর দিয়েও জোর করে রাস্তা তৈরির কাজ শুরু করা হয়। সংবাদ পেয়ে অনন্ত দাস ঘটনাস্থলে গিয়ে বাধা প্রদান করলে বিবাদীরা তাকে মারতে উদ্যত হয় এবং সপরিবারে প্রাণনাশের হুমকি প্রদান করে।
ভুক্তভোগী অনন্ত দাস জানান, "বিবাদীরা অত্যন্ত প্রভাবশালী। তারা আমার পৈত্রিক জমি দখল করে জোর করে রাস্তা বানাচ্ছে। বাধা দেওয়ায় তারা আমাকে ও আমার পরিবারের লোকজনকে যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করার হুমকি দিচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"
এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ধামরাই থানা পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.