প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ৬:৩২ পি.এম
আশুলিয়ার বাইপাইল থেকে নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার

আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বাইপাইল বালুর মাঠ এলাকা থেকে রুকমা খাতুন (২২) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত রুকমা জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মাথাভাঙ্গা গ্রামের মোহাম্মদ ইউসুফ ওরফে হৃদয়ের স্ত্রী। তিনি আশুলিয়া এলাকার ‘ইকো গার্মেন্টস’-এ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাইপাইল বালুর মাঠ এলাকায় এক নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা অন্য কোথাও তাঁকে হত্যা করে নির্জন এই স্থানে মরদেহ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তা উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.