প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৬:১০ পি.এম
আগামীকাল থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে : পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন

আগামীকাল শনিবার (২৮ মার্চ) থেকেই জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এক জরুরি বিবৃতিতে এ আশা প্রকাশ করেন।
সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমানে পেট্রল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য যে উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে, তা অনভিপ্রেত। আমার ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি কখনো দেখিনি। এ অবস্থা সামলাতে সাধারণ গ্রাহকদের অবশ্যই সংযত হতে হবে। আপনারা প্রয়োজনের অতিরিক্ত তেল কিনবেন না। পেট্রল পাম্পগুলোতে অযথা হুমড়ি খেয়ে পড়বেন না।
বিবৃতিতে তিনি বলেন, মার্চ মাসে অধিক মাত্রায় সরকারি ছুটি থাকায় জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে। ফলে দেশের বেশ কিছু জায়গায় পাম্প সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়েছিল। তবে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
সাজ্জাদুল করিম কাবুল আরও বলেন, আমি আশাবাদী শনিবার থেকেই জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুনরায় পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। সকলের সহযোগিতা চাই। সংযত হয়ে তেল ক্রয় করুন।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.