প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ৭:৫৮ পি.এম
ধামরাইয়ের ফিলিং পাম্পে নজিরবিহীন ভিড়, জ্বালানি সংকটে স্থবির জনজীবন

ধামরাই উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এরই প্রেক্ষাপটে উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বোরাক ফিলিং পাম্প-এ সৃষ্টি হয়েছে নজিরবিহীন ভিড় ও দীর্ঘ যানবাহনের সারি, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ভোগান্তির জন্ম দিয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই পাম্পটিতে তেল সংগ্রহের জন্য কয়েকশ’ মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজি ও বিভিন্ন পরিবহন যানবাহন লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, সড়কের বেশ কয়েকশ’ মিটার জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন ছড়িয়ে পড়েছে। অনেক চালককে ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হলেও পর্যাপ্ত তেল না পেয়ে খালি হাতে ফিরে যেতে হচ্ছে।
স্থানীয় চালকরা জানান, ধামরাইয়ের বেশ কয়েকটি পেট্রোল পাম্পে নিয়মিত তেল সরবরাহ না থাকায় সবাই বাধ্য হয়ে বোরাক ফিলিং পাম্পে ভিড় করছেন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি চাপ সৃষ্টি হয়েছে এই পাম্পটিতে।
একাধিক পরিবহন চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকাল থেকে লাইনে আছি, এখনও তেল পাইনি। কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে, আয়-রোজগারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শুধু পরিবহন খাতই নয়, এই সংকটের প্রভাব পড়েছে কৃষি কাজেও। সেচ পাম্প ও কৃষিযন্ত্রে ব্যবহৃত জ্বালানি না পাওয়ায় অনেক কৃষক পড়েছেন বিপাকে। সময়মতো জমিতে সেচ দিতে না পারায় ফসল উৎপাদন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে পাম্পের সামনে দীর্ঘ লাইনের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যাত্রী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী মানুষ পড়ছেন চরম দুর্ভোগে। জরুরি সেবার গাড়িও অনেক সময় আটকে পড়ছে এই যানজটে।
স্থানীয়দের অভিযোগ, জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির পাশাপাশি কিছু ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কাও রয়েছে। তারা দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক না হলে ধামরাইয়ে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। এ অবস্থায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.