প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ১২:৫৯ পি.এম
ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় বৃষ্টির বাগড়া, ২০ কিলোমিটার সড়ক জুড়ে যানজট

ঈদে ঘরমুখো মানুষের ঢল ও যানবাহনের তীব্র চাপের মধ্যেই বাগড়া দিয়েছে বৃষ্টি। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।
বুধবার (১৮ মার্চ) দুপুরের পর শুরু হওয়া যানজট বিকেলের বৃষ্টির পর তীব্র আকার ধারণ করে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে থেমে থেমে যানবাহন চলাচল করছিল। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনালসংলগ্ন প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। বিকেলে বৃষ্টির কারণে যানজট তীব্র হয়। সন্ধ্যায় মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়কে কেন্দ্র করে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন ঘরমুখী মানুষ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত এবং চন্দ্রা-নবীনগর সড়কের জিরানি এলাকা থেকে চন্দ্রা পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। কোথাও কোথাও ৫ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা। বিকেলের পর বৃষ্টি শুরু হলে যানবাহনের গতি আরও কমে যায়।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.