প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ৩:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ৭:২৯ পি.এম
আশুলিয়ার ভাদাইল এলাকায় ময়লার ব্যবসা নিয়ে বিরোধ, গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ

আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকায় ময়লার ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী অভিযোগ করে জানান, স্থানীয় বিএনপি নেতা ইদ্রিস আলীর নেতৃত্বে একটি সশস্ত্র দল তার বাড়িঘর ও ময়লা পরিবহনের গাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীদের মধ্যে ইদ্রিস আলীর ছেলে মেহেদীসহ রাসেল, মন্ডল ও শফিক উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়িঘর ও ময়লার গাড়ি ভাঙচুর করে এবং ব্যবসা কার্যক্রমে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে তারা ভুক্তভোগীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীর দাবি, ময়লার ব্যবসা দখল এবং চাঁদা আদায়ের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, এর আগেও বিভিন্ন সময় তাকে একই পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল।
ঘটনার পর ভুক্তভোগী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা ইদ্রিস আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান এ ধরনের ঘটনায় এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.