পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত স্বস্তিদায়ক করতে দেশের মহাসড়কে আগামী ৭ দিনের জন্য ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে, যা চলবে ২৩ মার্চ পর্যন্ত।
এ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানায়, ঈদকে কেন্দ্র করে বাড়তি চাপ সামাল দিতে এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে করে যাত্রীবাহী পরিবহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে আশা করা হচ্ছে।
তবে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন। এসব পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পরিবহন চলাচলে কোনো বাধা থাকবে না।
এ ছাড়া গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে কোনো যানবাহন পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সড়কে যানজট কমবে এবং দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যান চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বর ১৬১০৭-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মুঠোফোন নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এও সহায়তা পাওয়া যাবে।
এর আগে ১২ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর এক গণবিজ্ঞপ্তিতেও একই সময়সীমায় মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে লাখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে এ ধরনের উদ্যোগ প্রতি বছরই নেওয়া হয়।