প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৮:১৪ পি.এম
সাভারে নারীসহ ৪ কারবারি গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার

সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে নারীসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের হেফাজত থেকে ১১০০ পিস ট্যাপেন্টাডল ও ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোবারক হোসেন (৪৫) ও ফাতেমা আক্তার (৩৫) নামের এক দম্পতিকে গ্রেপ্তার করেন এসআই মোঃ আঃ সালামসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স। অপর দিকে একই দিন রাত সোয়া ৯টার দিকে আমিনবাজার এলাকা থেকে ৭২ পিস ইয়াবাসহ পেশাদার দুই মাদক কারবারি জাহাঙ্গীর চৌকিদার (৪৮) ও সাইফুল ইসলাম ওরফে রাকিব (৩২) কে গ্রেপ্তার করে এসআই মোঃ আঃ মুত্তালিবসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, পৃথক অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ৪ পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১লক্ষ ৫৩ হাজার ৬০০ টাকা। গ্রেপ্তারদের মধ্যে আসামি জাহাঙ্গীর চৌকিদারের বিরুদ্ধে মাদকসহ ৫টি অন্যান্য মামলা রয়েছে। পরে তাদেরকে দুপুরে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.