প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ২:৪৮ পি.এম

দীর্ঘ ১৭ বছর পর সাভার ও আশুলিয়াবাসীর কাঙ্খিত সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু দায়িত্ব গ্রহণের পর সাভার ও আশুলিয়াবাসীর মাঝে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার আলো। দীর্ঘদিনের নানা সমস্যা—যানজট, জলাবদ্ধতা, শিল্পাঞ্চলের শ্রমিক সংকট, অপরিকল্পিত নগরায়ন ও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ—সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন বলেই বিশ্বাস করছেন এলাকাবাসী।
গেন্ডার বাসিন্দা নাসিমা আক্তার ডলি বলেন, সবার আগে মাদকমুক্ত , সন্ত্রাসমুক্ত, ফুটপাত উচ্ছেদ ও যানজটমুক্ত সাভার গড়ার কাজ শুরু করতে হবে।
সাভার বাজারের ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, “আমরা চাই নতুন এমপি সাহেব সবার আগে যানজট নিরসনে কাজ করুন। বিশেষ করে নবীনগর-চন্দ্রা মহাসড়কে প্রতিদিনের দীর্ঘ যানজট ব্যবসা-বাণিজ্যে বড় ক্ষতি করছে। পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা ও বিকল্প সড়ক নির্মাণ জরুরি।”
আশুলিয়ার জামগড়া এলাকার পোশাক শ্রমিক রুবিনা আক্তার জানান, “শিল্পাঞ্চলে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা অনিশ্চয়তায় আছে। কর্মসংস্থান বাড়াতে এবং বন্ধ কারখানা চালু করতে উদ্যোগ নিলে আমরা উপকৃত হবো।” তিনি আরও বলেন, শ্রমিকদের জন্য সাশ্রয়ী বাসস্থান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও সময়ের দাবি।
স্থানীয় শিক্ষক মো. হাসানুজ্জামান বলেন, “সাভার ও আশুলিয়ায় জনসংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু সেই তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার মান বাড়েনি। সরকারি স্কুল-কলেজে আসনসংখ্যা বৃদ্ধি, নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং হাসপাতালের সেবার মান উন্নয়ন জরুরি।” তিনি আশা প্রকাশ করেন, নতুন এমপি শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করবেন।
গৃহিণী শারমিন সুলতানা বলেন, “ড্রেনেজ ব্যবস্থার অভাবে বর্ষাকালে জলাবদ্ধতা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক এলাকায় সড়ক ভেঙে যায়। আমরা চাই টেকসই অবকাঠামো উন্নয়ন হোক, যাতে প্রতি বছর একই সমস্যায় পড়তে না হয়।”
কৃষক আবুল হোসেনের প্রত্যাশা কিছুটা ভিন্ন। তিনি বলেন, “সাভারের গ্রামাঞ্চলে এখনো কৃষিজমি রক্ষা ও সেচ সুবিধা বাড়ানো দরকার। অপরিকল্পিত হাউজিং প্রকল্পে কৃষিজমি কমে যাচ্ছে। কৃষকদের জন্য স্বল্পসুদে ঋণ ও আধুনিক প্রযুক্তি সহায়তা দিলে উৎপাদন বাড়বে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সাধারণ মানুষের উদ্বেগ রয়েছে। আশুলিয়ার এক তরুণ উদ্যোক্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “চুরি-ছিনতাই ও মাদক সমস্যার স্থায়ী সমাধান চাই। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সচেতনতা কর্মসূচিও দরকার।”
পরিবেশবাদী সংগঠনের সদস্য ফারহানা ইয়াসমিন বলেন, “তুরাগ ও বংশী নদী দূষণে মারাত্মক হুমকির মুখে। নদী ও খাল রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।” তিনি মনে করেন, পরিবেশ রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা থাকলে ইতিবাচক পরিবর্তন সম্ভব।
তরুণ প্রজন্মের প্রত্যাশাও কম নয়। কলেজ শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, “খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার জন্য পর্যাপ্ত মাঠ ও কেন্দ্র নেই। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক অবকাঠামো গড়ে তোলা দরকার।”
সব মিলিয়ে সাভার ও আশুলিয়াবাসীর প্রত্যাশা—নতুন এমপি ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু দলমত নির্বিশেষে সবার প্রতিনিধিত্ব করবেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার ওপরই নির্ভর করছে তার সফলতা।
এলাকাবাসীর ভাষ্য, “আমরা উন্নয়ন চাই, কিন্তু তা যেন হয় টেকসই ও সবার জন্য সমান।” এখন দেখার বিষয়, জনগণের এই প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন নবনির্বাচিত এই জনপ্রতিনিধি।