প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ১:৪৭ পি.এম
মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, পরিবহন সংকটের অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘিরে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল থেকে দেশের বিভিন্ন জেলায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে লাখো কর্মজীবী মানুষ বাড়ির পথে রওনা হলেও পথে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
অতিরিক্ত যাত্রীর চাপে দেখা দিয়েছে তীব্র পরিবহন সংকট। সেই সুযোগে বিভিন্ন রুটে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই সাভারের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় উত্তরবঙ্গগামী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে সকাল সাড়ে ৮টার দিকে ক্ষুব্ধ যাত্রীরা সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাইবান্ধাগামী যাত্রী নাসিমা বেগম জানান, নির্বাচন উপলক্ষে বাড়ি ফিরলেও অতিরিক্ত ভাড়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। তিনি বলেন, ছুটি হয়েছে, কিন্তু এখনো বেতন পাইনি। ভাড়া ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি।
জামালপুরগামী যাত্রী মুখলেস বলেন, ১৭ বছর পর ভোট দেওয়ার সুযোগ এসেছে। আগে ৩০০ টাকার ভাড়া এখন ১ হাজার টাকা চাচ্ছে। সাধারণ মানুষের পক্ষে এটা দেওয়া অসম্ভব।
পোশাক শ্রমিক আবুল কালাম সোহাগের অভিযোগ, কারখানা ছুটি দিলেও বাসচালক ও হেলপাররা ডাবল ভাড়া নিচ্ছেন। রাজশাহী যেতে আগে ৫০০ টাকা লাগত, এখন হাজার টাকার বেশি চাচ্ছে। শ্রমিকরা এত টাকা কোথা থেকে দেবে?— প্রশ্ন তার।
চাঁপাইনবাবগঞ্জগামী হাসান আলী বলেন, নিরাপদ যাত্রা আর বাড়তি ভাড়া না নেওয়ার কথা বলা হলেও বাস্তবে তেমন কোনো নজরদারি নেই।
তবে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহজাহান জানান, যাত্রীর চাপের কারণে বিভিন্ন স্থানে ভিড় তৈরি হচ্ছে। সড়ক অবরোধের বিষয়ে নির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার নির্বাহী আদেশে তিন দিনের ছুটি ঘোষণা করেছে। ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটির পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি থাকায় ঘরমুখো মানুষের চাপ আরও বেড়েছে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.