প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৪:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ১০:২৬ পি.এম
ঢাকা – ১৪ আসনে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন বিএনপি’র প্রার্থী সানজিদা ইসলাম তুলি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা–১৪ আসনের ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বনগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ সহকারে শোনেন।
গণসংযোগকালে সাভার থানা সিনি: যুগ্ম সাধারণ-সম্পাদক ও বনগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য ইউসুফ আলী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির কাছে তার এলাকার দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে তিনি এলাকায় উন্নয়ন কার্যক্রম জোরদার করা এবং রাস্তাঘাটের মানোন্নয়নের জন্য প্রার্থীর হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এলাকাবাসীর উন্নয়ন প্রত্যাশার কথা গুরুত্বের সঙ্গে গ্রহণ করে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি ঢাকা–১৪ আসনের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের সুষম উন্নয়নে অগ্রাধিকার দেবেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রার্থীর সরাসরি উপস্থিতি ও উন্নয়নের আশ্বাসে এলাকাবাসীর মাঝে আশার সঞ্চার হয় এবং নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.