প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৭:৩৭ পি.এম
আশুলিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা - ১৯ সংসদীয় আসনে ১১ দলীয় জোটের এমপি প্রার্থী দিলশানা পারুলের সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনী সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা–১৯ আসনের ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী ও এনসিপির নেত্রী দিলশানা পারুল। তিনি বলেন, “ঢাকা–১৯ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। জনগণের ভোটে নির্বাচিত হলে এই অঞ্চলে ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে।” তিনি জনগণকে শাপলা কলি প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক, ঢাকা জেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব অত্যন্ত জরুরি। দিলশানা পারুল সেই নেতৃত্বের প্রতীক।” তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় জোটের ভূমিকা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ হাসান মাহবুব মাস্টার, রাজনৈতিক সম্পাদক, ঢাকা জেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং অধ্যক্ষ বশির আহমেদ, আমির, আশুলিয়া থানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা বলেন, ঢাকা–১৯ আসনে পরিবর্তনের জোয়ার বইছে এবং এই পরিবর্তনের নেতৃত্ব দেবেন দিলশানা পারুল।
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির নেতৃবৃন্দ। এর মধ্যে শহিদুল্লা শহিদ, প্রধান সমন্বয়ক, এনসিপি, আশুলিয়া থানা বলেন, “১১ দলীয় জোট আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যই আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম করবে।”
সমাবেশে সভাপতির বক্তব্য দেন মুফতি মাসুদ রানা, আমির, আশুলিয়া ইউনিয়ন, বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বলেন, “আশুলিয়ার মানুষ আর প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন চায়। শাপলা কলি প্রতীক সেই পরিবর্তনের প্রতীক।”
সমাবেশ শেষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুরো অনুষ্ঠানজুড়ে ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে।
Copyright © 2026 Protidiner Savar. All rights reserved.